সৌদি আরবের একটি বাসায় গৃহকর্মীর কাজ করেন আয়শা বানু। প্রায় তিন বছর পর গত ৩১ জানুয়ারি বিদেশি একটি এয়ারলাইন্সের উড়োজাহাজে দেশে ফেরেন তিনি। তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর ফ্লাইট অবতরণ করার পরই পড়তে হয় ভোগান্তিতে। সঙ্গে আনা মালপত্র নিতে ট্রলি পেতে ঘণ্টাব্যাপী লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তাঁকে।
আয়শা বানু সমকালকে জানান, দীর্ঘ বিমানযাত্রায় এমনিতেই শরীর ক্লান্ত থাকে। এর পর ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে কনভেয়ার বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করতে হয়। এখন যদি ট্রলি পেতেও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে ভোগান্তির আর শেষ থাকে না।
শুধু আয়শা নন, দেশের সবচেয়ে বড় এ বিমানবন্দরের অনেক যাত্রীরই এমন অভিযোগ। তারা জানান, বেশ কিছুদিন ধরেই ট্রলির সংকট চলছে। কোনোভাবেই ট্রলি পাওয়া যায় না। একটি ট্রলি পেতে ঘণ্টারও বেশি সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এ ছাড়া লাগেজের হাতল, চাকা, চেইন ফাটা এবং তালা ভাঙার মতো পুরোনো সংকট তো আছেই। তাদের অভিযোগ, বিমানবন্দর কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় এসব হয়রানির শিকার হতে হয় তাদের। দীর্ঘদিন ধরে অভিযোগ থাকলেও কোনো কিছুরই সমাধান হয় না।
সরেজমিন যাত্রীদের অভিযোগের সত্যতা পাওয়া যায়। বিমানবন্দরের একাধিক স্থানে অনেককে ট্রলির জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। খোদ নিরাপত্তাকর্মীদেরই হ্যান্ডমাইকে যাত্রীদের ট্রলির লাইনে দাঁড়াতে নির্দেশনা দিতে দেখা যায়।
অবশ্য অব্যবস্থাপনার অভিযোগ মানতে নারাজ শাহজালাল বিমানবন্দর কর্মকর্তারা। তাদের দাবি, শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে অনেক সময় ভোরের দিকের ফ্লাইটগুলো অবতরণ করতে পারে না। এসব ফ্লাইট পাশের দেশ ভারত অথবা দেশের অন্যান্য বিমানবন্দরে অবতরণ করে। সকাল ৯টা অথবা ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে এগুলো শাহজালালে অবতরণ করে। শিডিউলের বাইরের এসব ফ্লাইট মিলিয়ে একসঙ্গে ৮-১০টি বিমান অবতরণ করলে যাত্রীর চাপ অনেক বেড়ে যায়। ওই সময়ই ট্রলির সংকট হয়।
এ বিষয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম সমকালকে বলেন, যাত্রীদের লাগেজ বহনে ট্রলি বা জনবলের কোনো সংকট নেই। তিন হাজারের বেশি ট্রলি রয়েছে। তবে একসঙ্গে ৮-১০টি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করলে সংকট হয়। কারণ, তখন যাত্রীসংখ্যা হয়ে যায় প্রায় ৩ হাজার। তবে এ অবস্থা সব সময়
হয় না।
কর্তৃপক্ষ এখন কুয়াশার দোহাই দিলেও শাহজালাল বিমানবন্দরে ট্রলি ও লাগেজ নিয়ে ভোগান্তির অভিযোগ দীর্ঘদিনের। এ ভোগান্তি কমাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বেবিচক নানা উদ্যোগ নিলেও তা বিশেষ কাজে আসেনি।
নতুন ভোগান্তি ট্রলির জন্য দীর্ঘ লাইন


