বিনোদন ডেস্ক
চিত্রনায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। হরহামেশাই নেটিজেনদের খপ্পরে পড়তে হয় তাকে। হবে না কেন, ব্যক্তি জীবনের নানা বিষয় নিয়ে সমালোচনায় আসেন এই নায়িকা।
একাধিক বিয়ে করে মনের মানুষকে কারোর মধ্যেই খুঁজে পাননি তিনি। তবে তৃতীয় স্বামী রোশন সিংকে যেন জীবন থেকে সরাতেও পারছেন না শ্রাবন্তী।
বিয়ের এক বছর ঘোরার পরেই আলাদা হয়ে যান শ্রাবন্তী রোশন। কিন্তু এখনো পর্যন্ত আইনি বিচ্ছেদ হয়নি তাদের। আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে দুজনের। যদিও সেই মামলার নিস্পত্তি হয়নি এখনো। এর মধ্যেই স্বামীর করা আরেক মামলায় উল্টো ফেঁসে যেতে পারেন শ্রাবন্তী।
গণমাধ্যমসূত্রে জানা যায়, প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে শিয়ালদহ আদালতে ‘রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস’এ মামলা দায়ের করেছেন রোশন। যদি স্বামী বা স্ত্রী কোনো সঙ্গত কারণ ছাড়াই বাড়ি ছেড়ে বা দাম্পত্য সম্পর্ক ছেড়ে চলে যান তাহলে অপরজন এই মামলা করতে পারেন।
রোশনের অভিযোগ, শ্রাবন্তী নাকি কোনো সঙ্গত কারণ ছাড়াই তাকে ছেড়ে চলে গিয়েছেন। এক্ষেত্রে রোশন যদি মামলায় জয়ী হন তাহলে আদালতের নির্দেশে আবারো প্রাক্তন স্বামীর কাছেই ফিরতে বাধ্য থাকবেন শ্রাবন্তী।
এর আগে রোশন জানিয়েছিলেন, তাদের পরিবারে বিয়ে ভাঙার চল নেই। তিনি শ্রাবন্তীকেই আবার ফেরত চান।


